ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এনজিওকর্মী নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২৯ নভেম্বর ২০২৬
শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এনজিওকর্মী নিহত
শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুর সদর উপজেলায় ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন।


নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত মামুন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কাঁচামালবোঝাই অটোরিকশাটি জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। নন্দীর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী ড্রাম ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ইমরুল ও মামুন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইমরুলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করে।

ইমরুলের স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে তিনি এসএস নামের একটি এনজিওতে যোগ দিয়েছিলেন। সকালে মধুপুরের বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!