ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মহাসড়ক অবরোধ ঘিরে চৌদ্দগ্রামে সংঘর্ষ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দুই দিনের লকডাউন কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়ক অবরোধ করা হয়। প্রথম দিকে ঘটনাস্থলে পুলিশ না থাকলেও প্রায় এক ঘণ্টা পর পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
অবরোধের সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ করেছেন চালকেরা। তাঁদের অভিযোগ, অবরোধকারীরা গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকটি গাড়ির চাবি নিয়ে যান। এ ঘটনায় কয়েকজন চালক আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে গোপনে মহাসড়কে মিছিল বের করে যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে মহাসড়কে হামলা, যানবাহন ভাঙচুর ও অবরোধ করেন। খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন। পরে তাঁরা পালিয়ে যান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।