ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইউনিয়ন নির্বাচন নিয়ে প্রার্থীদের সতর্ক করল ইসি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী তাঁর সমর্থকদের দিয়ে আচরণবিধি লঙ্ঘন করালেও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সর্বোচ্চ ভোট পেলেও ওই প্রার্থীকে নির্বাচিত হতে না দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
আনোয়ারুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী সমর্থকদের নিয়ে নির্বাচনী সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে। প্রার্থী যত বড় নেতা বা জনপ্রিয়ই হোন, এ ক্ষেত্রে তাঁকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, নির্বাচনের সময় ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। কোথায় কী ঘটনা ঘটছে, তা পর্যবেক্ষণে নির্বাচন কমিশনে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষও থাকবে।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে পারলে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ থাকবে না। এবার ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় আনসার সদস্যও মোতায়েন থাকবেন।
এই নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তা এবং শত শত মানুষের সামনে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফলের কপি সরবরাহ ও প্রদর্শন করা হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো আপস করবে না।
নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের সদিচ্ছার কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। ফলে আগের নির্বাচনের মান বজায় রাখা যাবে কি না, এমন প্রশ্ন রয়েছে। তবে রাজনৈতিক নেতাদের সহযোগিতা পেলে তা সম্ভব।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একক প্রচেষ্টায় ভালো নির্বাচন করতে পারবে না। এ ক্ষেত্রে ভোটার, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক নেতারা নিজ নিজ এলাকার মানুষকে নির্বাচনী অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানালে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
পোস্টার-ব্যানারে ছেয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সংবিধান ও আইন সংশোধনের দায়িত্ব রাজনৈতিক নেতাদের। নির্বাচন কমিশন এ বিষয়ে পরামর্শ ও সুপারিশ করতে পারে। তবে তফসিল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশের মধ্যবর্তী সময়ে কমিশন আইনের আওতায় যে ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়, সেটিই প্রয়োগ করতে পারে।