ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের এমডি পদে পরিবর্তন
রাষ্ট্রায়ত্ত তিন গ্যাস কোম্পানি—তিতাস গ্যাস, বাপেক্স ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন এনেছে পেট্রোবাংলা। তিন কোম্পানির বর্তমান এমডিদের পেট্রোবাংলায় বদলি করে তাদের জায়গায় মহাব্যবস্থাপকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গল ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করা হয়েছে। সেখানে তাকে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় তিতাসের এমডির দায়িত্ব পেয়েছেন কোম্পানিটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।
বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাপেক্সের দায়িত্ব পেয়েছেন কোম্পানিটির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।
অন্যদিকে, আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
তার জায়গায় আরপিজিসিএলের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।