ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

আইফোনে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ২৯ নভেম্বর ২০২৬
আইফোনে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা
ছবি: রয়টার্স

পুরনো আইওএস সংস্করণ ব্যবহার করলে আইফোন সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। তাঁর দাবি, কোনো সন্দেহজনক লিংকে ক্লিক না করেও শুধু ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হতে পারে আইফোন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাভেল দুরভ বলেন, বিপুলসংখ্যক আইফোন ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। আইওএসের সংস্করণ সামান্য পুরনো হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে পুরনো আইওএস ব্যবহারকারীদের সতর্ক করতে টেলিগ্রামের পক্ষ থেকে বার্তা পাঠানো হচ্ছে।

দুরভের সতর্কবার্তার পর টেলিগ্রামও পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অ্যাপের ভেতরে নিরাপত্তাসংক্রান্ত বার্তা পাঠানো শুরু করেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সাধারণত সাইবার হামলা থেকে বাঁচতে অপরিচিত লিংকে ক্লিক না করা এবং সন্দেহজনক ফাইল ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়। তবে দুরভের বক্তব্য অনুযায়ী, আইওএসের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলেও আক্রান্ত হতে পারে ডিভাইস। এ ধরনের হামলায় ব্যবহারকারীর সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

তবে কোন কোন আইওএস সংস্করণ এই ঝুঁকিতে রয়েছে, কী ধরনের নিরাপত্তা ত্রুটি কাজে লাগানো হচ্ছে কিংবা কতজন ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাননি দুরভ।

এদিকে, হালনাগাদ আইওএস ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন কোনো বড় ধরনের হামলার বিষয়ে এখন পর্যন্ত সতর্কতা জারি করেনি অ্যাপল। দুরভের বক্তব্যের পরিপ্রেক্ষিতেও নতুন কোনো নিরাপত্তা আপডেট প্রকাশের তথ্য পাওয়া যায়নি।

আগেও ওয়েবসাইটে ক্ষতিকর কোড যুক্ত করার ঘটনা

দুরভের সতর্কবার্তার কয়েক দিন আগে, ১৭ নভেম্বর জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করার ঘটনা সামনে আসে। অপটিমাইজলি (Optimizely) প্ল্যাটফর্মের একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ১৭৮টি ওয়েবসাইটে ক্ষতিকর কোড প্রবেশ করায় বলে জানা যায়।

এসব ওয়েবসাইটের মধ্যে জুম, এইচএসবিসি, সিএনএন, সেলসফোর্স ও আইকিয়ার মতো প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষতিকর স্ক্রিপ্টগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের পেমেন্টসংক্রান্ত তথ্য, কুকিজ ও স্ক্রিনশট চুরির চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি অ্যাপল ডিভাইসকে লক্ষ্য করে আক্রমণাত্মক কোড পাঠানোর চেষ্টাও করা হয়।

অপটিমাইজলি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মের একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে এই হামলা চালানো হয়েছিল। পরে ত্রুটিটি সংশোধন এবং ক্ষতিকর কোড সরিয়ে ফেলা হয়েছে। অ্যাপল রয়টার্সকে জানিয়েছিল, ওই হামলায় ব্যবহৃত নিরাপত্তা দুর্বলতাগুলো আগের বছরই সমাধান করা হয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে দুরভের সাম্প্রতিক সতর্কবার্তার সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিত হয়নি।

আইফোন নিরাপদ রাখতে যা করবেন

আইফোন ব্যবহারকারীদের প্রথমেই ডিভাইসের সফটওয়্যার হালনাগাদ আছে কি না, তা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য ফোনের সেটিংস থেকে ‘জেনারেল’ অপশনে গিয়ে ‘সফটওয়্যার আপডেট’ নির্বাচন করতে হবে। কোনো আপডেট পাওয়া গেলে সেটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

এ ছাড়া অটোমেটিক আপডেট চালু রাখলে নতুন নিরাপত্তা আপডেট প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবে তা ইনস্টল হওয়ার সুযোগ থাকে।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত অ্যাপলের সর্বশেষ পাবলিক সংস্করণ ছিল আইওএস ২৭.২.১। এটি ৯ নভেম্বর প্রকাশ করা হয়। তবে পুরনো মডেলের আইফোনের ক্ষেত্রে সমর্থিত সংস্করণ অনুযায়ী আলাদা নিরাপত্তা আপডেট পাওয়া যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!