ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোকসাহিত্যে স্বীকৃতি পেলেন কেন্দুয়ার পালা নাট্যকার রাখাল বিশ্বাস

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২৯ নভেম্বর ২০২৬
লোকসাহিত্যে স্বীকৃতি পেলেন কেন্দুয়ার পালা নাট্যকার রাখাল বিশ্বাস
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়ার কৃতী লেখক, পালা-নাট্যকার, কবি, সাংবাদিক, অভিনেতা ও নাট্যপরিচালক রাখাল বিশ্বাসকে লেখক সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ প্রকাশনী। লোকসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

গত ২৭ নভেম্বর রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় তুলা উন্নয়ন বোর্ড (তুলা ভবন) সংলগ্ন আ. ক. ম. গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে আয়োজিত লেখক মিলনমেলায় এ সম্মাননা তুলে দেওয়া হয় তাঁর হাতে । 

লেখালেখি ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে দেশের আট বিভাগের ৩০৭ জন লেখক, কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যিক, সৃজনশীল লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্যিক মিলনমেলায়।

সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাখাল বিশ্বাস বলেন, বাংলাদেশ প্রকাশনীর কাছ থেকে সম্মাননা পাওয়া নিঃসন্দেহে তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তবে এই সম্মাননার চেয়েও তাঁর কাছে বেশি আনন্দের ছিল দেশের আট বিভাগের ৩০৭ জন লেখক, কবি ও সাহিত্যিকের সঙ্গে একই ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ। এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা, যা তাঁর জীবনের স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।

চার দশকের বেশি সময় ধরে পালা-নাট্যকার, কবি, সাংবাদিক, অভিনেতা, নাট্যপরিচালক ও বহুমাত্রিক লেখক-বিভিন্ন পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন রাখাল বিশ্বাস।

১৯৬১ সালের ১৫ মার্চ তাঁর জন্ম। তাঁর পিতা স্বর্গীয় গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস এবং মাতা শেফালী রানী বিশ্বাস। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে তাঁর জন্ম ও বেড়ে ওঠা, যা বর্তমানে কেন্দুয়া পৌরসদরের অন্তর্ভুক্ত। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী বীণা রানী বিশ্বাস। তাঁদের তিন ছেলে রবিন বিশ্বাস, রাতুল বিশ্বাস ও সাতুল বিশ্বাস। মা, স্ত্রী, তিন ছেলে, দুই পুত্রবধূ ও নাতনিকে নিয়ে তাঁর সংসার।

জীবনের নানা বাস্তবতা, পারিবারিক দায়িত্ব ও আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত রেখেছেন নিজেকে। তাঁর লেখালেখি, নাট্যচর্চা ও লোকসাহিত্যে অবদান সাংস্কৃতিক অঙ্গনে তাঁকে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। বাংলাদেশ প্রকাশনীর এ লেখক সম্মাননা তাঁর দীর্ঘ সাহিত্য ও সাংস্কৃতিক পথচলায় নতুন এক স্বীকৃতি হিসেবে যুক্ত হলো।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!