ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

তথ্যের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র টিকবে না: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ২৯ নভেম্বর ২০২৬
তথ্যের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র টিকবে না: জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

তথ্যের অধিকার নিশ্চিত না হলে মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও গণতন্ত্র টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়ার যৌক্তিক অধিকার রক্ষায় প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রথম তথ্য মেলা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব-নিকাশ, পরীক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীসংক্রান্ত যাবতীয় তথ্য দিতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। এ ক্ষেত্রে প্রশাসন স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর শুধু রাজপথের অবরোধ বা সহিংসতার ওপর নির্ভর না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চর্চা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তথ্য পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার সংবেদনশীল ক্ষেত্র ছাড়া তথ্যপ্রবাহের পথ রুদ্ধ করে না। সাধারণ মানুষের কাছে তথ্য অধিকার আইনের ব্যবহার পৌঁছে দিতে এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তৃণমূল পর্যায়ে তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং রাস্তাঘাট বন্ধ না করে আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের পদ্ধতি শেখানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার সবার রয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তথ্য কমিশন নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছে। কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব দেশের সাধারণ মানুষেরও রয়েছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!