ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বানে জাবিতে প্রজাপতি মেলা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২৮ নভেম্বর ২০২৬
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বানে জাবিতে প্রজাপতি মেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরির আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত মেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ করতে হবে। প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে আর কোনো অপরিকল্পিত গাছ কাটা হতে দেবেন না বলেও জানান তিনি। এ সময় ক্যাম্পাসে এমন পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে আটকে না রেখে ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।

মেলা ঘুরে দেখা যায়, প্রজাপতি দেখার উন্মুক্ত স্থানটি ঘিরে দর্শনার্থীদের ছিল বিশেষ আগ্রহ। বিভিন্ন রঙের প্রজাপতির উড়াউড়ি উপভোগ করেন তারা। পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয় পাপেট শো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, প্রজাপতির মুখোশ তৈরি ও ঘুড়িসহ নানা আয়োজন। এসব আয়োজন ঘিরে শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিদ্রোহ সরকার বলেন, প্রতি বছরই প্রজাপতি মেলায় শিশুদের আকৃষ্ট করতে পাপেট শো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, প্রজাপতির মুখোশ ও ঘুড়িসহ বিভিন্ন আয়োজন রাখা হয়। তবে গত বছরের তুলনায় এবার প্রজাপতির সংখ্যা কিছুটা কম দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ে গাছপালা কাটা, নতুন ভবন নির্মাণ ও পরিবেশগত পরিবর্তন এর অন্যতম কারণ হতে পারে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা না গেলে ভবিষ্যতে প্রজাপতির প্রজাতি ও সংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মেলার আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতির গুরুত্ব ও প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে মানুষকে জানাতেই এ মেলার আয়োজন করা হয়। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে সবুজ বনভূমি ও উদ্ভিদজগৎ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মেলার মাধ্যমে মানুষকে প্রজাপতি সংরক্ষণে সচেতন করার পাশাপাশি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বোধ তৈরি করাই তাদের লক্ষ্য।

এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন নাবিলা জামান জ্যোতি।

এ ছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় মাসুক আহাম্মেদ এবং তৃতীয় হয়েছেন ইকবাল এইচ বাবু।

বন্যপ্রাণী সংরক্ষণে গণমাধ্যমের অবদানের স্বীকৃতিস্বরূপ মিডিয়া অ্যাওয়ার্ডের ব্রডকাস্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আকিব সুলতান অর্ণব (এনটিভি)। প্রিন্ট ক্যাটাগরিতে যুগ্মভাবে পুরস্কার পেয়েছেন ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন) ও বেনজির হোসেন (দৈনিক ইত্তেফাক)। ডিজিটাল ক্যাটাগরিতে যুগ্মভাবে পুরস্কৃত হয়েছেন মো. আতাউর রহমান (দৈনিক বণিক বার্তা) ও সাগর হোসাইন (দৈনিক নিউ এইজ)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!