ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কুবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে আনসার সদস্যের কাছ থেকে জানতে পারেন, সেখানে ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কৌটার মধ্যে আলপিনসহ তৈরি একটি ককটেলের আলামত দেখতে পান তারা। বিস্ফোরণের পর ধোঁয়া তৈরি হওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্তের চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। এতে সেখানে থাকা এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন। তাদের আঘাত গুরুতর নয়।
আহত অটোরিকশাচালক জানান, ঘটনার সময় তিনি আরেকজনের সঙ্গে বসে গল্প করছিলেন। হঠাৎ কাছাকাছি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় কাঁধের কাছে কিছু একটা এসে লাগলে তিনি ব্যথা অনুভব করেন।
আহত শিক্ষার্থী জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় তার দুই পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। হাঁটতে না পেরে তিনি বসে পড়েন। পরে কয়েকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।