ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

‘মা, আমারে নিয়ে যাও’—নোবিপ্রবির হলে শিশুকে নির্যাতনের অভিযোগ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২৮ নভেম্বর ২০২৬
‘মা, আমারে নিয়ে যাও’—নোবিপ্রবির হলে শিশুকে নির্যাতনের অভিযোগ
শিশু মামুনকে মারধরের অভিযোগে অভিযুক্ত মালেক উকিল হলের ডাইনিং পরিচালক আনোয়ার সাদাত শিশির।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মালেক উকিল হলের ডাইনিংয়ে কর্মরত এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে ডাইনিং পরিচালক আনোয়ার সাদাত শিশিরের বিরুদ্ধে। মায়ের কাছে বাড়ি ফিরে যাওয়ার কথা জানানোয় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটি। এ ঘটনায় শিশুটির মা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর অভিযুক্ত ডাইনিং পরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়ালের মাধ্যমে ঘটনাটি সামনে আসে। তার ভাষ্য, শিশুটি পকেটে মায়ের মুঠোফোন নম্বর লেখা একটি চিরকুট নিয়ে ঘুরছিল। পরে তার কাছে মোবাইল ফোন চেয়ে মায়ের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করে। ফোন পেয়ে মায়ের সঙ্গে কথা বলার সময় শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং প্রতিদিন মারধরের শিকার হওয়ার অভিযোগ জানায়।

শিশুটির নাম মামুন। সে বিশ্ববিদ্যালয়ের মালেক উকিল হলের ডাইনিংয়ে কাজ করে। মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় সে জানায়, সেদিন তাকে মাজায় লাথি মারা হয়েছে এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মায়ের কাছে আকুতি জানায়।

মামুনের অভিযোগ, ঘটনার দিন সকালে খাবার খেতে বসলে ডাইনিং পরিচালক শিশির তাকে মারধর করেন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রায়ই তাকে বকাঝকা করা হতো। কাজ ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার কথা জানানোয় সেদিনও তাকে মারধর করা হয়।

মামুন বলে, “আমি শিশির মামাকে বলেছিলাম, আমার আম্মু আসতেছে। আমি আর কাজ করব না, চলে যাব। তখন উনি বলেন, ‘যা, কাজ কর।’ আমি বলেছি, ‘করব না, আমি চলে যাব।’ পরে শিশির মামা আমাকে দুই লাথি মেরেছে।”

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া লিখিত অভিযোগে শিশুটির মা স্বপ্না বেগম জানান, ওই দিন সকাল আনুমানিক ৯টার দিকে হলের ডাইনিংয়ে তার ছেলেকে মারধর করা হয়। এতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

স্বপ্না বেগম বলেন, “আমার ছোট ছেলেটা উনার কাছে থাকে। ছেলের ভালো-মন্দ জানার জন্য ফোন দিলেও ঠিকমতো কথা বলতে পারি না। ছেলের সঙ্গেও কথা বলিয়ে দিতে চান না। ছেলের বেতনের টাকাও পুরোপুরি দেননি। বিভিন্ন সময় টাকা কেটে রাখা হয়েছে এবং বাকি টাকা দেওয়ার কথা বলে ঘুরিয়েছেন। জিনিসপত্র ভাঙার অভিযোগেও ছেলের কাছ থেকে টাকা কেটে রাখা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার ছেলে ভাত খেতে বসলেও তাকে মারধর করা হয়।”

এদিকে ডাইনিংয়ে কর্মরত কয়েকজন নারীর কাছ থেকেও শিশুটিকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, ওই কক্ষের বাইরে থেকে তারা মারধরের শব্দ শুনেছেন।

তবে মারধরের অভিযোগের বিষয়ে ডাইনিং পরিচালক আনোয়ার সাদাত শিশির বলেন, শিশুটি তার সঙ্গে খারাপ আচরণ করেছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে এক-দুইটি থাপ্পড় দিয়েছেন।

তিনি বলেন, “সে সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। গতকাল তাকে তেল ও ডিম আনতে এবং প্লেট তুলতে বললে সে বলে, ‘পারব না, আপনার কাজ আপনি করেন।’ বারবার বোঝানোর পরও তার আচরণের পরিবর্তন হয়নি। বিষয়টি আমার মাইন্ডে ও ইগোতে লেগেছে। সবার সঙ্গে বেয়াদবি করা এক বিষয়, আর আমার সঙ্গে করা আরেক বিষয়। তখন রাগের মাথায় তাকে একটা-দুইটা থাপ্পড় দিয়েছি। সে আমার স্টাফ, তাকে শাসন করার অধিকার আমি রাখি।”

শিশির আরও বলেন, “আমি তাকে নিজের ছেলের মতো দেখেছি। খাওয়াদাওয়া, জুতাকাপড় ও অসুস্থ হলে ওষুধের ব্যবস্থাও করেছি। এখন আমার সেই মমতার বিষয়গুলো সামনে আসছে না, শুধু গায়ে হাত তোলার বিষয়টিই সামনে আসছে। লাথিটা যদি সিরিয়াসভাবে মারতাম, তাহলে ও কি সেটা সহ্য করতে পারত? আগেও ওকে ইটভাটায় কাজে দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সে এখানে চলে এসেছিল। তার ব্যবহারের জন্য তাকে বেশ কয়েকবার ফেরত পাঠালেও বারবার ফিরে এসেছে। তাই আমার মনে হয়, সে আজ বা কাল আবার আসবে।”

এ বিষয়ে মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদ কাইয়ূম বলেন, উপাচার্য এর আগে শিশিরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। বিষয়টি ডাইনিংয়ের দায়িত্বে থাকা শিক্ষার্থী সাদমান রাকিনকে জানানো হয়েছিল। পরে রাকিন তাকে জানান, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং বিশ্ববিদ্যালয়বিরোধী লাইভ ভিডিওটি মুছে ফেলেছেন। এরপর তাকে উপাচার্যের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে রাকিন আর কিছু জানাননি।

শিশু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে প্রভোস্ট বলেন, “আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোনো অবস্থাতেই একটি ছোট শিশুকে শারীরিকভাবে নির্যাতন করা গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে আমি এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আগামী রোববার রাকিনের সঙ্গে বসে বিষয়টি বিস্তারিত আলোচনা করব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত। ম্যানেজার শিশিরকে সরিয়ে দেওয়ার জন্য প্রভোস্টকে নির্দেশ দিয়েছি। বাকি ব্যবস্থা আমি এসে নেব।”

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!