ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীপুরে প্রযুক্তিনির্ভর কৃষির নতুন উদ্যোগ, প্রযুক্তি গ্রাম

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২৮ নভেম্বর ২০২৬
শ্রীপুরে প্রযুক্তিনির্ভর কৃষির নতুন উদ্যোগ, প্রযুক্তি গ্রাম
প্রযুক্তি গ্রামের উদ্বোধন

কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এ উদ্যোগের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বদনীভাঙ্গাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানকার প্রযুক্তিনির্ভর কৃষি ও চাষাবাদ পদ্ধতি পর্যায়ক্রমে আশপাশের গ্রামসহ পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। এতে কৃষক, সাধারণ মানুষ ও দেশ উপকৃত হবে।
উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পায়নের কারণে কৃষিজমি ও কৃষি উৎপাদন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। শিল্পায়নের পাশাপাশি কৃষিকে টিকিয়ে রাখা জরুরি। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ড. কাজী এম. বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি কার্যক্রমের প্রদর্শন, মূল্যায়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া। এ ছাড়া উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ এবং শ্রীপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক এসএম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!