ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ২৮ নভেম্বর ২০২৬
পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন
ফাইল ছবি

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং একই জেলার আরেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) পদায়ন করা হয়েছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে এবং একইসঙ্গে তাকে লালমনিরহাটে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে, নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এর পাশাপাশি এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না ছাড়লে ৩০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!