ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবিসাসের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’ প্রকাশ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ২৯ নভেম্বর ২০২৬
জাবিসাসের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’ প্রকাশ
জাবিসাসের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন। ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাবিসাসের সভাপতি মাহ্ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে চায় বর্তমান প্রশাসন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে সার্বক্ষণিক নিরাপত্তার আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় অপচয় হওয়ার সুযোগ আর দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও সামগ্রিক উন্নয়নের অন্যতম সহায়ক শক্তি। বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের দায়িত্ব শুধু সমস্যা ও অনিয়ম তুলে ধরা নয়, শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষার্থীদের সাফল্যও জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা।

তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের মধ্যে ইতিবাচক সেতুবন্ধন তৈরিতেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাবিসাসের উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও সমুন্নত হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি এ সময় সংগঠনটির স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!