ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ২৯ নভেম্বর ২০২৬
পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত
ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

রোববার (২৯ নভেম্বর) ভোরে জেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন। অন্যদিকে নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ নিজামউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকশ’ নেতা-কর্মী নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও আগের রাত থেকে এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশের একটি রেস্তোরাঁয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রেস্তোরাঁটির আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। সংঘর্ষের প্রভাব পাশের মাদারীপুরের শিবচর এলাকাতেও ছড়িয়ে পড়ে। 

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু এলাকায় অবরোধ করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, পদ্মা সেতু এলাকায় ব্যারিকেড দেওয়ার উদ্দেশ্যে একটি দল সেখানে গিয়েছিল। তবে সংঘর্ষটি তাদের নিজেদের মধ্যকার বিরোধ থেকেও হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফলে সংঘর্ষের প্রকৃত সূত্রপাত নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।

সংঘর্ষের কারণে সকাল ছয়টা থেকে প্রায় নয়টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!