ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে ১২ ঘণ্টা মহাসড়ক অবরোধ, সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২৯ নভেম্বর ২০২৬
মাদারীপুরে ১২ ঘণ্টা মহাসড়ক অবরোধ, সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যে মাদারীপুরের টেকেরহাট ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিবচরে নিজামউদ্দিন মৃধা নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভোররাত ৪টার দিকে শিবচরের কাঠালবাড়ি থেকে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে পদ্মা সেতু সংলগ্ন জাজিরা এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষের সময় গুলিতে শিবচরের কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও তার নিহত হওয়ার খবর দাবি করেছেন।

অন্যদিকে, মাদারীপুরের টেকেরহাট বন্দরে ভোররাত থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহাসড়কে অবস্থান নেন। এতে টেকেরহাটসহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন।

অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অবরোধ অব্যাহত থাকায় দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে দুপুর ২টার দিকে টেকেরহাটসহ ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!