ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
তথ্যপ্রবাহের দূত হতে হবে তরুণদের: জাহেদ উর রহমান
তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর কেবল রাজপথের অবরোধ বা সহিংসতার ওপর নির্ভর না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চর্চা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার সংবেদনশীল ক্ষেত্র ছাড়া তথ্যপ্রাপ্তির পথ রুদ্ধ রাখে না। সাধারণ মানুষের কাছে তথ্য অধিকার আইনের ব্যবহার পৌঁছে দিতে এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান বলেন, তৃণমূল পর্যায়ে তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং রাস্তাঘাট বন্ধ না করে আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের পদ্ধতি শেখানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য। জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার সবার রয়েছে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তথ্য কমিশন নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছে। কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব দেশের সাধারণ মানুষেরও রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্যের অধিকার নিশ্চিত না হলে মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও গণতন্ত্র টিকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়ার যৌক্তিক অধিকার রক্ষায় পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার নির্দিষ্ট বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব-নিকাশ, পরীক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীসংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ও স্বচ্ছ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।