ল্যাবে নয়, প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে করোনা
গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। অনেকেরই ধারণা বিজ্ঞানীদের কোনো গোপন ল্যাব টেস্ট থেকে সৃষ্টি হয়েছে এটি, কিন্তু সেই ধারণাকে উড়িয়ে দিয়েছেন গবেষকরা। ভাইরাসটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে সৃষ্ট বলে তাদের দাবি।
সম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা বলেন, প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে উদ্ভব হয়েছে করোনাভাইরাসের। এটি যে মানুষ তৈরি করেনি, প্রাকৃতিকভাবে উদ্ভব হয়েছে সে বিষয়ে ভাইরাসটির জেনোম সিক্যুয়েন্স বিশ্লেষণের মাধ্যমে জোরালো প্রমাণ পেয়েছেন তারা।
তাদের ধারণা, সম্ভবত কোনো বাদুর বা বনরুই জাতীয় প্রাণী থেকে মানব দেহে ছড়িয়েছে সার্স-কভ-টু নামের নতুন এই করোনাভাইরাসটি।
.png)
গবেষক দল ভাইরাসটির ‘স্পর্শ তন্তুর’ দুটি প্রোটিন উপাদান বিশ্লেষণ করেছেন। সেখানে তারা দেখেছেন যে, ভাইরাসটি মানুষ অথবা প্রাণি কোষের সঙ্গে সংযুক্ত হতে ও তার দখল নিতে এই স্পর্শ তন্তুগুলো ব্যবহার করে থাকে।
তারা লক্ষ্য করেছেন, ওই প্রোটিনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য মানুষের কোষের সঙ্গে মেলবন্ধন ঘটাতে এতোটাই সক্ষম যে এটি প্রাকৃতিক নির্বাচনের ফল ছাড়া অন্য কিছু হতে পারে না, ল্যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটি তৈরি সম্ভব নয়।
গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক মার্কিন চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চের ইমিউনোলজি ও মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক ড. ক্রিস্টিয়ান অ্যান্ডারসেন বলেন, ‘পূর্ববর্তী করোনাভাইরাসের প্রজাতিগুলোর প্রাপ্ত জেনোম সিক্যুয়েন্সের তথ্যের সঙ্গে তুলনা করে, আমরা দৃঢ়ভাবে নিশ্চিত হয়েছি যে, নতুন করোনাভাইরাস ‘সার্স-কভ-টু’ তথা ‘কভিড-১৯’ প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে।’
সূত্র: সায়েন্স ডেইলি