নেই দুই হাত-এক পা, তবু অদম্য রাসেল
দুই হাত নেই। ডান পা নেই। বাম পা স্বাভাবিকের চেয়ে ছোট। সেই পায়ের আঙুলের ফাঁকে কলম রেখেই পরীক্ষার খাতায় লিখছেন মেধাবী রাসেল।
রাসেল নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার আব্দুর রহিম মৃধার ছেলে। সিংড়া শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে জেডিসি পরীক্ষা দিচ্ছেন তিনি। তার অদম্য স্পৃহা অবাক করেছে শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ সবাইকে।
বুধবার ওই মাদরাসায় গিয়ে দেখা গেছে, সবার মতো একই হলে বসে পরীক্ষা দিচ্ছেন রাসেল। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাকে ছোট করে দেখেনি শিক্ষক-শিক্ষার্থীরা। বিশেষ কৌশলে বেঞ্চের ওপর খাতা রেখে সেখানে বসেই বাম পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে একমনে লিখে যাচ্ছে সে।
মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম বলেন, পা দিয়েই খাওয়া, লেখাপড়াসহ সব কাজ করে রাসেল। তার মনের জোর অবাক করার মতো।
রাসেলের মা লাভলী বেগম বলেন, রাসেলের মনের জোরই আমাদের প্রভাবিত করেছে। তাই আমরা ওকে পড়াশোনা করাচ্ছি। পর্যাপ্ত সহায়তা পেলে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার কেন্দ্র সচিব মো. নাজমুল হক জানান, রাসেলের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তাকে অতিরিক্ত সময়ও দেয়া হচ্ছে।