নরসিংদীতে এখনো কেউ করোনায় আক্রান্ত হয়নি: ডিসি ফারহানা
নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, নরসিংদীর মানুষ আতঙ্কিত নয়, সচেতন। এ কারণে এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। শনিবার নিজ কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিসি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে নরসিংদীর মানুষকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। উপজেলা, ইউপি, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। যাছয় শতাধিক প্রবাসীকে হোম কোয়ারেইন্টানে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ, সির্ভিল সার্জন, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে। এ কারণে নরসিংদীর মানুষ স্বস্তিতে আছে।
.png)

সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় এডিসি, এডিশনাল এসপি, সিভিল সার্জনের সম্বনয়ে আমরা একটি ইমারজেন্সি সেল গঠন করেছি। করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখা দিলে কিংবা যেকোনো তথ্য ও সেবার জন্য সেলের হটলাইন নম্বরে যোগাযোগ করলে বাসায় আমাদের মেডিকেল টিম চলে যাবে। এছাড়া ছয়টি পৌরসভা ও ছয়টি উপজেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। রোগী আনা নেওয়ার জন্য নৌ-অ্যাম্বুলেন্সসহ ১০টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলাব্যাপী সচেতনতামূলক প্রচারণা, করোনা আক্রান্তের চিকিৎসায় বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রাখা, বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিম্নবিত্তদের সহায়তা, মানুষকে ঘরে রাখতে ও দোকানপাট বন্ধ রাখতে প্রশাসন ও পুলিশের পদক্ষেপ নেয়ার কথাও বলেন ডিসি ফারহানা কাউনাইন।
এ সময় জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, উপজেলা প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।