ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই জঙ্গলে ২৮ মানুষের মাথার খুলি উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই জঙ্গলে ২৮ মানুষের মাথার খুলি উদ্ধার
সংগৃহীত ছবি

নাইজেরিয়ার আবিয়া রাজ্যের দুটি জঙ্গলে সন্দেহভাজন অপরাধীদের আস্তানায় অভিযান চালিয়ে ২৮টি মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ।

রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উমুয়াকু-ইসুওচি ও ন্নেয়াতোর জঙ্গলে এ অভিযান চালানো হয়। রাজ্যজুড়ে সন্দেহভাজন অপরাধীদের আস্তানা ধ্বংসে চলমান অভিযানের অংশ হিসেবে এসব এলাকায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আবিয়া রাজ্য পুলিশ।

Advertisement

পুলিশের ভাষ্য, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আস্তানাগুলোতে পৌঁছানোর আগেই অভিযানের খবর পেয়ে সেখানে থাকা সন্দেহভাজনরা পালিয়ে যায়। ফলে আস্তানাগুলো ফাঁকা অবস্থায় পাওয়া যায়।

অভিযানে পুলিশের সহিংস অপরাধ দমন ইউনিট, অপহরণবিরোধী ইউনিট, গ্যাংবিরোধী ইউনিট, গোয়েন্দা প্রতিক্রিয়া ইউনিট ও দ্রুত প্রতিক্রিয়া দলের সদস্যরা অংশ নেন। ইসুওচি পুলিশ সদর দপ্তরের সদস্যরাও অভিযানে ছিলেন।

আবিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মওরিন চিনাকা জানান, বিশেষ পুলিশ দল আস্তানাগুলোতে পৌঁছানোর পর সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে ফাঁকা আস্তানাগুলোতে তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যরা মানুষের দেহাবশেষ দেখতে পান।

তল্লাশিতে মোট ২৮টি মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এসব দেহাবশেষ অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে। তবে এখনো সেগুলোর পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কিছু দেহাবশেষ ইতোমধ্যে পচে গেছে।

দেহাবশেষগুলো কার এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযানের আগেই সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মওরিন চিনাকা বলেন, দেহাবশেষ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আবিয়া রাজ্য পুলিশ কমান্ড জানিয়েছে, সন্দেহভাজন অপরাধীদের খুঁজে বের করতে অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে উমুয়াকু-ইসুওচি ও ন্নেয়াতোর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!