১৫৯ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। ১৯৬ স্কোর নিয়ে শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ১৫৯ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ সূচকে এ তথ্য উঠে এসেছে।
.png)
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ১৯৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৭২ স্কোর নিয়ে তৃতীয় এবং পাকিস্তানের লাহোর ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম অবস্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৬০।
অন্যদিকে ১৫৯ স্কোর নিয়ে ঢাকার অবস্থান সপ্তম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরের বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছে। দূষিত বাতাসের কারণে জনস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। সংস্থাটির হিসাবে, বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।