প্রাইভেটকারের ভেতরে ৬০ কেজি গাঁজা
একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে এটিকে থামানোর সংকেত দেয় র্যাব। কিন্তু প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে এভাবেই ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। র্যারের একটি দল ফেনীর মহিপালের খায়ের রেস্তোরা সরমা অ্যান্ড কাবাব হাউসের সামনে পাকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেটকার আটক করে। এ সময় মো. সুমন মিয়া নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যানুযায়ী ওই প্রাইভেটকার থেকে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সুমন আরো জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা ও আটক প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
আটক ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ