ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১১ মাস মহাকাশে! রেকর্ড করে ফিরলেন নারী নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২০
১১ মাস মহাকাশে! রেকর্ড করে ফিরলেন নারী নভোচারী
ছবি: সংগৃহীত

প্রায় ১১ মাস মহাকাশে কাটিয়ে প্রথম নারী মহাকাশচারী হিসেবে রেকর্ড গড়লেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্রিস্টিনা কোচ।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া তিনটায় পৃথিবীর বুকে নিরাপদে ফিরে আসেন তিনি।

দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী, ক্রিস্টিনা কোচ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩২৮ দিন ছিলেন। তার সঙ্গেই পৃথিবীতে ফিরেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্ডার সোভোস্তভ। কাজাখস্তানের ল্যান্ডিং সাইটে স্পেস শাটলের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা গেছে ক্রিস্টিনাকে। তিনি গত বছরের ১৪ মার্চ পৃথিবী ছেড়ে মহাকাশে যাত্রা শুরু করেন।

এই দীর্ঘ সফরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ক্রিস্টিনাকে অভিন্দন জানিয়ে বলেন, পৃথিবীতে আপনাকে স্বাগতম ক্রিস্টিনা। মহাকাশে দীর্ঘ সময় কাটিয়ে প্রথম নারী হিসেবে রেকর্ড গড়ার জন্য আপনাকে অভিনন্দন!  আপনি তরুণীদের অনুপ্রাণিত করছেন এবং ইউএসএকে গর্বিত করছেন।

জানা গেছে, কাজাখস্তানে স্থানীয় বাসিন্দারা ঘোড়ার পিঠে করে তিন মহাকাশচারীর পৃথিবীতে ফেরা দেখতে আসেন।

উল্লেখ্য, এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে নারী নভোচারী হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। তবে এবার সেই রেকর্ড ভাঙলেন ৪১ বছরের ক্রিস্টিনা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!