সাভারে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য আটক
সাভারের আশুলিয়া ও ধামরাই থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক নারীসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে আশুলিয়া কাঠগড়া ও ধামরাই থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই, লিফলেট ও ডিজিটাল কন্টেন্ট উদ্ধার করা হয়।
আটকরা হলেন- ঢাকার রাশিদা হুমায়রা, ঝালকাঠি সদর উপজেলার অলিউল ইসলাম সম্রাট, গোপালগঞ্জের মোয়াজ্জিম মিয়া শিহাদ, দিনাজপুরের সবুজ হোসেন আব্দুল্লাহ ও চাঁদপুরের আরিফুল হক আরিফ।
র্যাব-৪ মিরপুর শাখার সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকায় গোপন বৈঠক চলছে এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে চারজনকে আটক করলেও বেশ কয়েকজন পালিয়ে যান। তাদের দেয়া তথ্যমতে ধামরাই থেকে ওই নারীকে আটক করা হয়।
এএসপি সাজেদুল জানান, আটকরা দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামের নামে তারা উগ্রবাদ ছড়িয়ে আসছিলেন। উগ্রবাদী ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন। এছাড়া নতুন সদস্য সংগ্রহ করতে তাদের আট-দশজনের একটি গ্রুপ দেশের বিভিন্ন জেলায় গোপন বৈঠক করে আসছিলেন। অ্যান্ড্রয়েড মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে প্রটেক্টিভ অ্যাপস ব্যবহার করে তারা টার্গেট কিলিং মিশনে অংশ নিতেন।