ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

সর্বশেষ জান্নাতির জন্য থাকবে দুনিয়ার দশ গুণ সম্পদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩, ১ নভেম্বর ২০২৬
সর্বশেষ জান্নাতির জন্য থাকবে দুনিয়ার দশ গুণ সম্পদ
ছবি: সংগৃহীত

জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, তাঁর জন্য থাকবে দুনিয়ার সমান ও তার দশ গুণ সম্পদ। পবিত্র হাদিসে মহান আল্লাহর অসীম দয়া ও জান্নাতের নেয়ামতের এমন বর্ণনা পাওয়া যায়।

বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিনি সেই ব্যক্তিকে চেনেন, যিনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সর্বশেষ ব্যক্তি এবং জান্নাতে প্রবেশকারী সর্বশেষ মানুষ। ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবেন।

এরপর আল্লাহ তাআলা তাঁকে জান্নাতে প্রবেশের নির্দেশ দেবেন। তিনি জান্নাতে গিয়ে দেখবেন, তা পরিপূর্ণ। তখন ফিরে এসে আল্লাহর কাছে নিজের অবস্থার কথা জানাবেন।

আল্লাহ তাআলা তাঁকে আবারও জান্নাতে প্রবেশের নির্দেশ দেবেন। কিন্তু দ্বিতীয়বার গিয়েও তিনি জান্নাত পরিপূর্ণ দেখতে পাবেন। এভাবে কয়েকবার ফিরে আসার পর আল্লাহ তাঁকে বলবেন, তোমার জন্য দুনিয়ার সমান এবং তার দশ গুণ জান্নাত রয়েছে।

তখন ওই ব্যক্তি বিস্মিত হয়ে বলবেন, ‘হে আমার রব! আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? অথচ আপনি তো রাজাধিরাজ!’

বর্ণনাকারী সাহাবি বলেন, এ কথা শুনে রাসুলুল্লাহ (সা.)-কে হাসতে দেখেছেন। এমনকি তাঁর মাড়ির দাঁত পর্যন্ত দৃশ্যমান হয়েছিল।

হাদিসের বর্ণনা অনুযায়ী, এটিই মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতির পুরস্কার। (সহিহ বুখারি, হাদিস: ৬৫৭১)

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!