ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩, ১ নভেম্বর ২০২৬
অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা
ছবি: সংগৃহীত

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের এলাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালার বিষয়টি জানানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ক্ষমতাবলে বিধিমালাটি বাস্তবায়ন করা হচ্ছে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার এবং নবায়ন ফি ৫ হাজার টাকা।

প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদ নিতে খরচ হবে ১ হাজার টাকা। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। এ ছাড়া প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর।

নতুন বিধিমালায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে হবে।

এ ছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাতে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!