ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯, ১ নভেম্বর ২০২৬
সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
ফেসবুক লাইভে পত্রিকা ছিঁড়ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: ভিডিওর স্ক্রিনশট

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, সংবাদপত্র নয়, বরং তার বিরুদ্ধে প্রকাশিত একটি ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছেন।

শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘আমার দেশ’ পত্রিকায় তাকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ করা হয়েছে, যা তার ভাষায় অসত্য। এই বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি কাগজটি ছিঁড়েছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি কারাভোগ করেছেন। তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিপক্ষের অপছন্দ হলে তারা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। এমন সমালোচনাকে তিনি স্বাগত জানাবেন।

তবে ‘আমার দেশ’ পত্রিকা তাকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তার দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা বয়ান হিসেবে তাকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।

রাশেদ খাঁনের ভাষ্য, এ অভিযোগ জামায়াত বা দলটির কোনো নেতা করলে তিনি রাজনৈতিকভাবে জবাব দিতেন। কিন্তু তার বিরুদ্ধে ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন। এ কারণে একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন।

তিনি আরও বলেন, ‘আমার দেশ’ কোনো পত্রিকা নয়, বরং জামায়াতের পক্ষে বয়ান তৈরির হাতিয়ার। তার অভিযোগ, পত্রিকাটি সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!