ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ১ নভেম্বর ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ফের উত্তাল হয়ে উঠেছে পোশাকশিল্পাঞ্চল। আজ রোববার সকালে মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া, যানবাহন ভাঙচুর ও দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন কারখানায় ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১ নভেম্বর) সকালে কোনাবাড়ী এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় রোববার সকালে শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে সড়কের পাশে থাকা একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয় এবং দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও আগুন দেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

সচেতন মহলের মতে, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান অসন্তোষ নিরসনে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের দ্রুত আলোচনায় বসা প্রয়োজন। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান না এলে শিল্প উৎপাদন, শ্রমিকদের জীবিকা ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!