বিশ্বের প্রাচীনতম পুরুষও জাপানি
বিশ্বের প্রাচীনতম পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছেন ১১২ বছর বয়সী এক জাপানি ব্যক্তি। বিশ্বের প্রাচীনতম পুরুষের মুকুট অর্জনের পর তিনি দাবি করেন, দীর্ঘায়ু লাভের চাবিকাঠি হলো হাসি।
বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চিতেসু ওয়াতানাবে ১৯০৭ সালের ৫ মার্চ জাপানের নিগাতা শহরে জন্মগ্রহণ করেন। সেই শহরের এক নার্সিংহোমে তাকে আনুষ্ঠানিকভাবে এ উপাধি দেয়া হয়েছে।
ওয়াতানাবের আগে যে এই উপাধি পেয়েছিলো তিনিও একজন জাপানি নাগরিক ছিলেন বলে জানা গেছে। মাসাজো নোনাকা নামক সেই ব্যক্তি গত মাসে মারা গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১১২ বছর ২৬৬ দিন।
.png)
চিতেসু ওয়াতানাবে পাঁচ সন্তানের জনক। তিনি বলেন, দীর্ঘায়ু লাভের গোপন বিষয় হলো ‘রাগ করা যাবে না, সবসময় হাসিখুশি থাকতে হবে’। তিনি আরো বলেন, কাস্টার্ড এবং পুডিংয়ের মতো মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার আসক্তি রয়েছে তবে সেটি কখনো তার কোনো ক্ষতি করেনি।

বিশ্বের প্রাচীনতম জীবিত নারীও একজন জাপানি । ১১৭ বছর বয়সী সেই নারীর নাম কেন টানাকা। বিশ্বের সর্বোচ্চ জীবন প্রত্যাশাসম্পন্ন দেশ হলো জাপান। এখন পর্যন্ত প্রাচীনতম মানুষ হিসেবে স্বীকৃত অনেক মানুষ এই দেশেরই। রেকর্ড করা দীর্ঘতম জীবিত মানুষ জিরোমন কিমুরা সে তালিকায় অন্তর্ভুক্ত। ২০১৩ সালের জুন মাসে ১১৬ তম জন্মদিন পালনের পরেই তিনি মারা যান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, যাচাই করা সর্বকালের প্রাচীনতম ব্যক্তি ছিলেন ফ্রান্সের নাগরিক। জেন লুইস ক্যালমেন্ট নামক সেই ব্যক্তি ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান।
সূত্র- জাপান টুডে