[ খেলা ]
বাংলাদেশের বিপক্ষে আউট নিয়ে ভারতকে আইসিসির খোঁটা
দুই ম্যাচের দুই রান আউটের ছবি
নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করে ১৪২ রান সংগ্রহ করে ভারত। তবে ব্যাট করার সময় তাদের একটি রান আউট নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের। এমনকি সেই রান আউটের সঙ্গে কিছুদিন আগের আরেকটি রান আউটের ছবি মিলিয়ে ভারতকে একরকম খোঁটাই দিয়েছে আইসিসি।
মূল ঘটনা ঘটে ম্যাচের ১৭তম ওভারে। সে ওভারের পঞ্চম বলে সালমা খাতুনের ডেলিভারিটি সুইপ করেন দীপ্তি শর্মা। দুই রান নিতে গিয়েই বাঁধে বিপত্তি। অপরপ্রান্তের ভেদা কৃষ্ণমূর্তির সঙ্গে ভুল বোঝাবুঝিতে একপর্যায়ে দুজনই বোলিং প্রান্তের দিকে দৌড়াতে থাকেন।
এমন অবস্থায় খুব সহজেই রান আউট করে বাংলাদেশ। তৃতীয় আম্পায়ারের সহায়তায় দীপ্তি শর্মাকে রান আউট ঘোষণা করা হয়।
এর আগে চলতি মাসে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষেই অনুরূপ ঘটনা ঘটায় ভারতের যুবারা। সে ম্যাচের রান আউটের ছবির সঙ্গে আজকের ম্যাচের ছবি দিয়ে আইসিসি ক্যাপশনে লিখে, ‘ইতিহাসের পুনরাবৃত্তি’।
সোশ্যাল মিডিয়াতেও ঘটনাটি নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। কারণ এমন ঘটনা তো সচরাচর দেখা যায় না!
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!