নিখোঁজের ৭দিন পর আপন ঠিকানায় এতিম শিশু
হবিগঞ্জ শহর থেকে নিখোঁজের সাত দিন পর আপন ঠিকানা ফিরে পেল এতিম শিশু মেহেদী।
উদ্ধারের পর রোববার রাতে তাকে হবিগঞ্জ সমাজসেবা অফিসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হবিগঞ্জ শিশু পরিবারে।
এর আগে বিকেলে তাকে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও গ্রাম থেকে উদ্ধার করা হয়।
.png)
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের বড় বহুলা শিশু পরিবার থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরে শিশু পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
রোববার বিকেলে বড়গাও গ্রামের তাজুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার ওই শিশুটিকে তার বাড়ির আঙ্গিনায় ঘুরাঘুরি করতে দেখে। পরে সে নিশ্চিত হয় শিশুটি তার আপন ঠিকানা হারিয়েছে।
এক পর্যায়ে পারভীন আক্তার কোনো উপায়ন্তর না দেখে সাংবাদিক দিদার এলাহী সাজু’র দারস্থ হন। এ সময় সাংবাদিক দিদার এলাহী সাজু তার ফেসবুক আইডিতে শিশু উদ্ধারের বিষয়টি পোস্ট করেন।
তার এ পোস্টটি হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলীর নজরে আসলে তিনি শিশু মেহেদীকে থানায় নিয়ে যাওয়ার জন্য বলেন। পরে শিশু মেহেদীকে জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রভেশন কর্মকর্তা নিপুন রায়ের মাধ্যমে শিশু পরিবারে হস্তান্তর করা হয়।