চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।
.png)
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেরদৌসী খাতুন মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তাঁর ডেঙ্গু পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, শিশু মহব্বত আলী মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়। তার তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল। যদিও ডেঙ্গুর পরীক্ষা না হওয়ায় তার মৃত্যুর সঙ্গে ডেঙ্গুর সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।