ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সুশান্তের মৃত্যু নিয়ে জয়ার স্ট্যাটাস, যা বললেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ১৪ জুন ২০২০
সুশান্তের মৃত্যু নিয়ে জয়ার স্ট্যাটাস, যা বললেন অভিনেত্রী
সুশান্ত সিং রাজপুত (বামে), জয়া আহসান (ডানে)। ফাইল ছবি।

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহননের খবরে ধাক্কা খেয়েছেন বলিউড, টালিউড, তামিল, টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীসহ সিনেমা প্রেমীরা। কম সময়ে সিনেমা জগতে তারকা খ্যাতি পাওয়া সুশান্তকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যে সুশান্তের মৃত্য নিয়ে স্ট্যাটাস দিলেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুশান্তের মৃত্যু নিয়ে স্ট্যাটাসটি দেন তিনি। একই সঙ্গে মানসিক অবসাদে করণীয় সম্পর্কে পরামর্শ তুলে ধরেন জয়া আহসান। 

ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্লিজ এই দুঃসময়ে আপনার প্রিয়জনের পাশে দাঁড়ান, কাউকে একা ফিল করতে দেবেন না। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা এটাই হয়তো বলে দিয়ে গেলো। একজন শিল্পীর চলে যাওয়া সত্যিই মেনে নিতে খুব কষ্ট হয়। তার চলে যাবার প্রকৃত কারণ হয়তো পরে জানা যাবে কিন্তু মানসিক অবসাদ সত্যিই এই যুগের সবচেয়ে কঠিন সমস্যা এবং এর সঙ্গে লড়াই করাটাও। নাম, যশ, খ্যাতি হলেই সেই মানুষটা জীবনে সুখী এই ধারণাটাও সত্যিই ভুল। 

২০১৫ সালে WHO প্রকাশিত তথ্যে জানা যাচ্ছে প্রতিবছর প্রায় ৮ লাখ মানুষ ডিপ্রেশনের কারণে আত্মহত্যার পথ বেছে নেন। তাই কেউ মনের কথা বলতে চাইলে তাকে সময় দিন। কেউ মনোবিদের কাছে গেলে ‘তুই পাগলের ডাক্তার দেখাস’ এই ধরণের কথা বলে তার মনোবল ভেঙে দেবেন না বরং তাকে উৎসাহিত করুন। আমরা প্রত্যেকেই হয়তো এক একটা সমস্যায় থাকি। ঘটনাক্রমে সেগুলো হয়তো না চাইতেও ঘটে যায়।

সেগুলোই নিজের মধ্যেই হয়তো চেপে রাখি ভাবি এর থেকে বেরোনোর হয়তো আর কোনো সমাধান নেই। এগুলোই আমাদের তিলে তিলে শেষ করে দেয়। এগুলো বরং আমরা কাছের মানুষের সঙ্গে শেয়ার করতে পারি। অন্তত কিছুটা হালকা হওয়াই যায়। লড়াই করার রসদ খুঁজে পাওয়া যায়।

কারোর মন খারাপ হয়েছে শুনলে প্লিজ তাকে একা ছেড়ে দেবেন না। যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করুন। অন্তত এই কঠিন সময়ে তো বটেই। সত্যিই মানসিক অবসাদকে এবার সিরিয়াসলি নেবার সময় এসেছে। কথা হোক। আর আমরাও সবাই সবার পাশে দাঁড়িয়ে একে অন্যের যেন মনের জোর বাড়াতে সাহায্য করি। আর যাই হোক, আমরা আমাদের প্রিয়জনকে মানসিক অবসাদে চলে যেতে দেবো না। এই হোক অঙ্গীকার।’

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!