ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবিতে সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৫ অক্টোবর ২০২৬
চবিতে সেলাই মেশিন বিতরণ
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসুর) সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রিতার উদ্দ্যোগে এবং প্রসাশনের অর্থায়নে চবির ৫টি ছাত্রী হলে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

সোমবার ( ৪ অক্টোবর) বিকাল ৩টা ৩০মিনিটে দেশনেত্রী খালেদা জিয়া হলে একটি সেলাই মেশিন দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

এর আগে আরও তিনটি ছাত্রী হলে সেলাই মেশিন দেওয়া হয়েছিল। আজকে বাকি দুইটি হলে সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়৷ 

এই সম্পর্কে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, " প্রীতিলতা হলে সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়েই আমাদের পাঁচটি বলেই সেলাই মেশিন প্রদান শেষ হয়েছে। আমরা ইতিপূর্বে বিজয় ২৪, শামসুন্নাহার এবং ফয়জুন্নেসা হলে সেলাই মেশিন প্রদান করেছিলাম। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল এবং প্রীতিলতা হলে সেলাই মেশিন উপহার দিয়েছি। 

এটা শিক্ষার্থী বোনদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে, অনেকেই জামা সেলাই করা অথবা প্রশিক্ষণের জন্য তারা বাইরে যেতে হতো, কিন্তু হলেই সেলাই মেশিন থাকলে এটা তাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আমরা এই সেলাই মেশিন দেয়ার পরপরই সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। যারা এই কাজ শিখতে আগ্রহী তারা সেলাই মেশিনগুলো কাজে লাগাতে পারবে ইনশাআল্লাহ।" 

চাকসুর সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রিতা বলেন, "চবির পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এর মাধ্যমে নারী শিক্ষার্থীরা নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করে বাড়তি আয়ের সুযোগ পাবেন। নারী উদ্যোক্তা তৈরির অংশ হিসেবেই এই উদ্যোগ এবং মেশিন সংক্রান্ত যেকোনো সমস্যায় তাদের পূর্ণ সহযোগিতা করা হবে।" 

প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া বলেন, "আজকে চাকসুর সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রিতা আপুর উদ্যোগে প্রীতিলতা হলে দুইটি সেলাই মেশিন ও প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট প্রদান করা হয়েছে। আমি চাকসুকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।​ আমাদের হলে আগে হল প্রশাসন থেকে দুইটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থী বেশি হওয়াতে এবং বারবার ব্যবহারের কারণে অনেক ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যায়। হলের পাশে কোনো টেইলার্স না থাকায় ছোটখাটো প্রয়োজনের জন্য সেলাই মেশিন একটি বেসিক নিড। তাই এই উদ্যোগের জন্য চাকসুকে ধন্যবাদ।"

হলে সেলাই মেশিন উপহার দেওয়ায় এক শিক্ষার্থী জানান, "অনেক সময় আমাদের ছোট ছোট কাজের জন্যও দোকানে যেতে হয়। এতে করে আমাদের বিভিন্ন অসুবিধা সৃষ্টি হয়। সেখান থেকেই আমাদের সেলাই মেশিন দাবি ছিলো। সেলাই মেশিন উপহার পাওয়ায় এখন আর আগের মতো সমস্যায় পড়তে হবে না। যেকোনো সময় আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারবো।"

উদ্ভোদনী অনুষ্ঠানে চাকসুর ভিপি, জিএস ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/চবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!