ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বড় হার দিয়ে আসিয়ান কাপ শুরু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের বড় হার দিয়ে আসিয়ান কাপ শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের ফিফা আসিয়ান কাপে নিজেদের মিশনটা কাঙ্ক্ষিত হলো না। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের দল। প্রথমার্ধে নিজেদের ছায়া হয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও ফিনিশিংয়ের দুর্বলতায় জালের দেখা পায়নি।

জাকার্তায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মালয়েশিয়া। চতুর্থ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের নৈপুণ্যে কোনোমতে প্রথম বিপদ এড়ালেও বেশিক্ষণ রক্ষা হয়নি। ম্যাচের ১৮তম মিনিটে মাঝমাঠের বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ফরোয়ার্ড আরিফ আইমান। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও গোলরক্ষক- কাউকেই সুযোগ না দিয়ে আলতো টোকায় দলকে প্রথম লিড এনে দেন তিনি।

প্রথমার্ধের শেষভাগে এসে আরও বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুল পাসে বল পেয়ে যান সেই আরিফ আইমানই। সুযোগসন্ধানী এই ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

Advertisement

দুই গোলে পিছিয়ে থেকে বিরতির পর মাঠে নেমে কিছুটা চনমনে হয়ে ওঠে বাংলাদেশ দল। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণের ধার বাড়ায় তারা। তবে ৫২তম মিনিটে ডানপ্রান্ত থেকে আসা ক্রসে দারুণ শটে মালয়েশিয়ার তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো।

ম্যাচের ৭৬তম মিনিটে বাংলাদেশের সামনে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ এসেছিল। সতীর্থের বাড়ানো বল নিয়ে সরাসরি ডি-বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষক থাকলেও তার নেওয়া প্রথম শট এবং ফিরতি শট- দুটিই রুখে দিয়ে বাংলাদেশকে গোলবঞ্চিত করেন স্বাগতিক কিপার।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোচ ও খেলোয়াড়দের।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!