ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীলঙ্কা টানা আট জয়ে শ্রেষ্ঠত্বের সিংহাসনে
জয় পেয়েছে আট ম্যাচের আটটিতেই। আসরজুড়ে অপ্রতিরোধ্য দাপট দেখিয়ে শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই ২০২৬ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির শিরোপা জিতে নিল শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব মাঠে ফাইনালে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে লঙ্কান মেয়েরা।
শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে শ্রীলংকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১২.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা।
এবারের আসরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো পাঁচটি সহযোগী সদস্য দেশের পাশাপাশি পাঁচটি পূর্ণ সদস্য দেশকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। সেখানে পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে শিরোপা নিজেদের করে নেয় শ্রীলংকা।
এর আগে প্রথম আসরে অংশ নিয়েছিল আটটি সহযোগী সদস্য দেশ। রাউন্ড রবিন লিগ শেষে থাইল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড—চার দলেরই পয়েন্ট ছিল ১০। তবে ভালো নেট রান রেটের কারণে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল থাইল্যান্ড। অথচ এবার গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অ্যালানা ডালজেল। ২৫ বলের ইনিংসটি খেলেন ছয় নম্বরে নেমে। এছাড়া লুইস লিটল ১৫ এবং জর্জিনা ডিম্পসি ১৩ রান করেন।
শ্রীলংকার বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন সাথিয়া সান্দিপানি। মাত্র ১৩ রান খরচায় চারটি উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলংকা। তবে চার নম্বরে ব্যাট করতে নামা ইমেশা দুলানি সেই চাপ সামাল দেন দারুণভাবে। ২৫ বলে অপরাজিত ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
তাকে দারুণ সঙ্গ দেন সানজানা কাভিন্দি ও কাভিশা দিলহারি। সানজানা ২২ বলে ২৫ এবং কাভিশা মাত্র ১০ বলে ১৬ রান করেন।