ফুটবলকে বিদায় জানাচ্ছেন মিডফিল্ডার মুসা ডেম্বেলে
টটেনহ্যাম হটস্পারের সাবেক বেলজিয়ান মিডফিল্ডার মুসা ডেম্বেলে মৌসুমের শেষে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চাইনিজ ক্লাব গুয়াংজু সিটির বর্তমান চুক্তি চলতি মৌসুমের পরে আরো এক বছর বাকি রয়েছে।
ক্লাব ক্যারিয়ারে ডেম্বেলে ডাচ ক্লাব এজেড আলকমার ও ইংলিশ ক্লাব ফুলহ্যামেও খেলেছেন। কিন্তু স্পার্সদের হয়েই তিনি ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন।
২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত টটেনহ্যামের জার্সি গায়ে ১৮১ ম্যাচে সাত গোল করেছেন মুসা। ২০১৯ সালে লন্ডনের ক্লাব ছেড়ে তিনি চাইনিজ সুপার লিগের ক্লাব গুয়াংজু সিটিতে যোগ দেন।
২০০৬ সালে বেলজিয়াম জাতীয় দলের হয়ে ডেম্বেলের অভিষেক হয়। দেশের হযে ৮২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এর মধ্যে খেলেছেন দুটি বিশ্বকাপ ও ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপ। ২০১৯ সালের মার্চে তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন।
এ সম্পর্কে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ডেম্বেলে লিখেছেন, ‘আমার সঙ্গে এখনো গুয়াংজুর এক বছরের চুক্তি বাকি আছে। কিন্তু এ বছরের শেষেই ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি’।
টটেনহ্যাম তাদের টুইটারে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ডেম্বেলেকে অভিনন্দনসহ তার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।