ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বহু রাত ঘুমাতে পারেননি জাদেজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩০, ৩০ মে ২০২১
বহু রাত ঘুমাতে পারেননি জাদেজা
রবীন্দ্র জাদেজা

ভারতের হয়ে তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাদেজা। আসন্ন ইংল্যান্ড সফরেও দলেও আছেন তিনি। কিন্তু দু’বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। দল থেকে আচমকাই বাদ পড়েছিলেন এই অলরাউন্ডার। বিশ্বের অন্যতম সেরা এই ফিল্ডার জানিয়েছেন, সেই সময়ে রাতে ভাল করে ঘুমাতে পারতেন না তিনি।

দু’বছর আগে হঠাৎ করেই ওয়ানডে এবং টি-২০ দল থেকে বাদ পড়েন জাদেজা। সুযোগ দেয়া হয় কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহালকে। একটানা তারা ভাল বল করে যাওয়ায় জাদেজার সামনে জাতীয় দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। টেস্টে রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পেলেও তিনি পাচ্ছিলেন না।

সেই সময়ের কথা বলতে গিয়ে সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার বলেন, ওই দেড় বছরে কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি কে জানে। সেই সময়ে ভোর ৪-৫টা পর্যন্ত জেগে থাকতাম। খালি ভেবে যেতাম, এবার কী করব, কীভাবে দলে ফেরত আসব?

তিনি আরো বলেন, কিছুতেই আমার ঘুম আসত না। সারা রাত শুয়ে শুয়ে ভাবনাচিন্তা করে কাটিয়ে দিতাম। টেস্ট দলে থাকলেও সুযোগ পেতাম না। একদিনের ক্রিকেটের দলে ছিলাম না। টেস্ট দলের সঙ্গে ঘুরতে হত বলে ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ পেতাম না।

এমন নাজুক পরিস্থিতি ঘুরে যায় ২০১৮-র ইংল্যান্ড সফরে। পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩২ রান তাড়া করতে নেমে একপর্যায়ে মাত্র ১৪০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। সে সময় ১৫৬ বলে ৮৬ রানের ইনিংস খেলেন জাদেজা। 

ভারত সেই টেস্টে হেরে গেলেও দলে জাদেজার প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে যায়। এ বিষয়ে তিনি বলেন, ওই একটা টেস্ট সবকিছু বদলে দিল। আমার খেলা, আত্মবিশ্বাস সব এক লহমায় বদলে গেল। ইংল্যান্ডের পরিবেশে সেরা বোলারদের বিরুদ্ধে রান করলে দারুণ আত্মবিশ্বাস পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!