শ্রীলংকা সিরিজের ভেন্যু প্রায় চূড়ান্ত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলতে আগামী এপ্রিলে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের ভেন্যু প্রায় চূড়ান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার দেয়া তথ্য অনুযায়ী সিরিজের দুটি ম্যাচই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
এর আগে করোনাভাইরাসের কঠোর গাইডলাইনের কারণে শ্রীলংকা সফরে যায়নি বাংলাদেশ। এবার সেই গাইডলাইন শিথিল করা হচ্ছে। ইংল্যান্ডের সবশেষ শ্রীলংকা সফরের গাইডলাইনই বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। তবে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন মেনে চলতেই হবে।
ক্যান্ডিতে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হলেও কলম্বোয় কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল। এখন পর্যন্ত দুই বোর্ডের আলোচনায় এমনটিই ঠিক করা হয়েছে বলে জানা গেছে। কলম্বোয় পা রেখে কোয়ারেন্টাইন পালনের পর প্রায় ১২০ কিলোমিটার দূরের ক্যান্ডিতে যাবে টাইগাররা।
মুলত হোটেল সুবিধার কথা বিবেচনা করেই কলম্বোকে কোয়ারেন্টাইন ভেন্যু হিসেবে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে ঢুকেই নিউজিল্যান্ড সফরে চলে গেলেও শ্রীলংকা সফরের আগে টেস্ট দল দেশে সপ্তাহখানেক ক্যাম্প করবে।
ক্যান্ডিতেই দুটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ভেন্যুর ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ওরা এক-দুইটা অপশনের কথা আমাদের বলেছে। ক্যান্ডিতেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। হয়ত আগামী দুই-একদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।