ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রাইজমানি প্রায় ৩৭ লাখ টাকা
শ্রীলংকা সফর স্থগিত হওয়ার পর দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে। তারই ফল স্বরূপ আগামীকাল (১১ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে তিন দলের টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। এই টুর্নামেন্টের প্রাইজমানি রাখা হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।
করোনা পরবর্তী সময়ে এটাই দেশের প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। ফলে বিসিবি প্রেসিডেন্টস কাপকে নানা দিক থেকেই যতটা সম্ভব আকর্ষণীয় করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় ক্রিকেটারদের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে প্রাইজমানির ব্যবস্থা করেছে বিসিবি।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে ১৫ লাখ টাকার প্রাইজমানি। এছাড়া সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার জন্য থাকছে আলাদা আর্থিক পুরস্কার। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩৭ লাখ টাকার পুরস্কার থাকছে বিসিবি প্রেসিডেন্টস কাপে।
অবশ্য এই টুর্নামেন্টে কোনো স্পনসর পায়নি বিসিবি। নিজ খরচেই সব কিছু নির্বাহ করবে দেশের ক্রিকেট বোর্ড। বিশেষ এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ম্যাচ কিংবা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচনের পাশাপাশি সব দলের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করবেন।
এই সিরিজ সামনে রেখে এরই মধ্যে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। গতকাল (শুক্রবার) খেলোয়াড়, কোচিং স্টাফ, দলের সহকারী, কর্মকর্তা, টিম বাসের চালক, হোটেল সোনারগাঁওয়ের কর্মীসহ মোট ১২৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আজ হোটেল সোনারগাঁওয়ের সুরক্ষা বলয়ে ঢুকছেন ৬৩ জন।
মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন দল নিয়মিত অনুশীলন করছে। দলগুলোর নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত।