ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ স্পটলাইট ]

১৯ বছরেও বাস্তবায়ন হয়নি পার্কিং মহাপরিকল্পনা

বায়েজীদ মুন্সী
প্রকাশিত: ১৯:৪২, ১১ জুলাই ২০২৬
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি পার্কিং মহাপরিকল্পনা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যানজট নিরসন ও সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে ২০০৭ সালে নেওয়া হয়েছিল একটি সমন্বিত পার্কিং মহাপরিকল্পনা। পরিকল্পনার খসড়া তৈরি হলেও গত ১৯ বছরেও তা আলোর মুখ দেখেনি। ফলে পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাবে প্রতিদিন সড়ক দখল করে যত্রতত্র গাড়ি রাখা হচ্ছে, যা রাজধানীর যানজট ও জনভোগান্তিকে আরও তীব্র করে তুলছে। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় যেমন শৃঙ্খলা ফিরবে, তেমনি সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছেন, নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখেই গাড়ি পার্কিংয়ের জন্য মহাপরিকল্পনাটি হাতে নেওয়া হয়। সাবেক মেয়রদের গাফলতি ও অর্থসংকটসহ নানা জটিলতার কারণে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ঢাকার পার্কিং মহাপরিকল্পনায় যানজট নিরসন এবং শহরের সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা ও নীতি অন্তর্ভুক্ত ছিল। এরমধ্যে যানজট কমাতে এবং রাস্তার ধারণক্ষমতা বাড়াতে অন-স্ট্রিট (রাস্তার ওপর) পার্কিং নিয়ন্ত্রণ ও পর্যায়ক্রমে তা বন্ধ করার নির্দেশনা, নতুন শপিং মল, অফিস বা বাণিজ্যিক ভবনে নিজস্ব পর্যাপ্ত অফ-স্ট্রিট (ভবনের ভেতরে বা ভূগর্ভস্থ) পার্কিং সুবিধা বাধ্যতামূলক করা এবং শহরের বিভিন্ন স্থানে বহুতল কার-পার্কিং কমপ্লেক্স নির্মাণ করা উল্লেখযোগ্য ছিল। 

আরো পড়ুন: অচল রাডারে দুর্বল আবহাওয়া নজরদারি

এছাড়া শহরের বাইরে বা প্রান্তে ট্রাক ও আন্তঃজেলা বাসগুলোর জন্য বড় টার্মিনাল নির্মাণ, যাতে ভারী যানবাহনগুলো সরাসরি শহরের ভেতরে ঢুকে যানজট সৃষ্টি করতে না পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় পার্কিংয়ের জন্য উচ্চ ফি নির্ধারণ করা, যাতে মানুষ ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হয়। এলাকাভিত্তিক পার্কিং চাহিদার মূল্যায়ন এবং প্রযুক্তি ব্যবহার করে ‘স্মার্ট পার্কিং’-এর মাধ্যমে গাড়িচালকদের ফাঁকা পার্কিং স্পেসের তথ্য দেওয়া, সাইকেল স্কুল-কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা রাখাসহ নানা কার্যক্রম। কিন্তু সেগুলো কাগজে-কলমে উল্লেখ থাকলেও বাস্তবায়নের উদ্যোগ নেই। 

রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, নয়াপল্টন, কাকরাইল, মতিঝিল, ফকিরাপুল, ফুলবাড়িয়া, গুলিস্তান, মগবাজার, ফার্মগেট, তেজগাঁও, সাতরাস্তা, বনানী, গাবতলী, টেকনিক্যাল, মিরপুর ১ ও ১০ নম্বর, ধানমণ্ডি, গুলশান, বাড্ডা, নতুনবাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে নগরীর বেশিরভাগ ভবনেই পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে নগরবাসী সড়ক দখল করে ব্যক্তিগত গাড়িসহ নানা যানবাহন যত্রতত্র করে পার্কিং অব্যাহত রেখেছে। ওইসব এলাকায় দিনের বেশির ভাগ সময় অসহনীয় যানজট লেগেই থাকে। এতে নগরবাসীর সময় নষ্ট হচ্ছে এবং পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি। 

রাজধানীর পল্টন মোড়ে পার্কিং করা একটি গাড়ির চালক মো. ইমরান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে পার্কিং করার কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে রাস্তার মোড়ে গাড়ি রাখা হয়েছে। আশপাশে যেখানেই যাবো গাড়ি রাস্তায়ই রাখতে হবে। অপর এক গাড়ি চালক আশরাফ হাওলাদার জানান, পাকিং সুবিধা না থাকায় অধিকাংশ সময়ে রাস্তার পাশে গাড়ি রাখতে হয়। অনেক সময় ট্রাফিক পুলিশ মামলা দেয় কিংবা জরিামানাও আদায় করে। রাস্তায় গাড়ি পার্কিং করলে সমস্যা হয় সেটা আমরাও বুঝি কিন্তু পাকিং সুবিধা থাকলে রাস্তায় গাড়ি রাখতাম না। 

আরো পড়ুন: ডিগ্রি আছে, চাকরি নেই

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বর্তমান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, রাজধানীতে পার্কিং করার স্থানের তুলনায় গাড়ির সংখ্যা দ্বিগুণ। সড়কে প্রতি বছর ৪ থেকে ৫ লাখ গাড়ি নামে। অথচ পার্কিংয়ের কোনো জায়গা নেই। পরিবহন মালিকদেরও বাস পার্কিং করার নির্দিষ্ট জায়গা নাই। তিনি বলেন,  রাজধানীতে গাড়ি পার্কিংয়ের জন্য যেখানে ২৫ ভাগ জায়গা প্রয়োজন সেখানে আছে মাত্র ৮ ভাগ। অতিরিক্ত গাড়িগুলো কোথায় রাখবে। আমরা আমাদের জায়গা থেকে নিয়মিত তদারকি করছি। অবৈধ স্থানে পার্কিং করলে জরিমানা করি। কিন্তু এটা তো স্থায়ী কোন এটা সমাধান না। এক্ষেত্রে গাড়ি সড়কে নামানোর আগে পার্কিংয়ের জায়গা আছে কি না সেটা দেখা প্রয়োজন। 

সংশ্লিষ্টরা বলছেন, পার্কিং ব্যবস্থা নিয়ে এখনই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে রাজধানীর বাসযোগ্যতা বিনষ্ট হবে। ফুটপাথ থেকে শুরু করে সড়কের কোথাও চলাচলের পথ থাকবে না। ঢাকায় প্রতিটি ভবন নির্মাণকালে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে কি-না সিটি করপোরেশন ও রাজউকসহ সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গড়ে তুলতে হবে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা।

আরো পড়ুন: ত্রিমুখী সংকটে দেশের জ্বালানি খাত

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পার্কিং মহাপরিকল্পনাটি হাতে নেওয়ার পর এটি বাস্তবায়নের লক্ষ্যে ওই সময় একটি খসড়াও তৈরি করে আরবান প্ল্যানিং বিভাগ। এ নিয়ে জরিপ চালিয়ে নগরীর বিভিন্ন এলাকার পার্কিং স্পটগুলোতে কত সংখ্যক গাড়ি পার্কিং করা যায় তাও নির্ধারণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী গাড়ি পার্কিং নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা বিভাগ খোলারও কথা ছিল। বিভাগটি পার্কিং স্পট ছাড়াও আলাদা পার্কিং স্পেস তৈরির কথা ছিল। এছাড়া মহাপরিকল্পনাটি গ্রহণকালে জানানো হয়, এটি বাস্তবায়ন হলে সার্বক্ষণিক মনিটরিং ও পার্কিং টোল আদায় করবে বিভাগটি। যারা টোল আদায় করবে তাদের আলাদা ড্রেস এবং আইডি কার্ড দেওয়া হবে। সিদ্ধান্ত ছিল, টোল আদায় কর্মীদের অনুমতি ছাড়া রাস্তার পাশে কেউ গাড়ি পার্কিং করতে পারবে না। এতে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে শুধু শৃঙ্খলাই ফিরে আসবে না, কমে যাবে যানজটও। কিন্তু অর্থ সংকটসহ নানা জটিলতায় এটি বাস্তবায়ন করতে পারছে না কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। 

তবে নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের আরবান প্ল্যানিং বিভাগের এক কর্মকর্তা বলেন, নগরীতে ভালো পার্কিং ব্যবস্থার বিকল্প নেই। নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখেই গাড়ি পার্কিংয়ের জন্য মহাপরিকল্পনাটি হাতে নেওয়া হয়। কিন্তু সাবেক মেয়রদের গাফলতির কারণেই পার্কিং মহাপরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি আরো বলেন, আমরা একাধিকবার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সরকার পার্কিং নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে প্রতিবছর এখান থেকে শত শত কোটি টাকা রাজস্ব আদায় হবে।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!