ডিগ্রি আছে, চাকরি নেই
পটুয়াখালী সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে ২০১৫ সালে স্নাতকোত্তর পাস করেন হাবিবুর রহমান। একই প্রতিষ্ঠানে একই বিষয়ে সম্পন্ন করেছেন (সম্মান) স্নাতকও। এরপর চাকরির বিজ্ঞাপন চোখে পড়লেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। কখনো কখনো পরীক্ষার জন্য প্রবেশপত্র হাতে পেলেও লিখিত পরীক্ষা পর্যন্তই ছিল সীমাবদ্ধ। পরবর্তী ধাপে আর কখনো ডাক পড়েনি। পরিচিত অনেক গণ্যমান্য বা বড় চাকরি করেন এমন অনেকের কাছে ধরণা দিয়েও চাকরি নামের সোনার হরিণ ভাগ্যে জোটেনি তার। তাই বাধ্য হয়ে বাবার জামিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন এই যুবক।
হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মনে হয়েছিল ডিগ্রি শেষ করলেই ভালো চাকরি পাওয়া যাবে। তারপরও লেখাপড়া চলাকালীন সময় থেকেই চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। তাই হাত গুটিয়ে বসে না থেকে বাবার জমিতে কৃষি কাজ করছি। ছেলে, মেয়ের নিয়ে ৪ জনের সংসার, জীবিকা তো চালাতেই হবে।
এটা শুধু হাবিবুর রহমানের জীবনের ঘটনাই নয়, দেশের লাখ লাখ শিক্ষিত তরুণের বেকারত্বের বাস্তব চিত্র। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও প্রত্যাশিত চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। কর্মসংস্থানের আশায় বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন অপেক্ষার প্রহরগুনে। অনেকে বাধ্য হয়ে এক পর্যায়ে নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন। আবার কেউ কেউ দীর্ঘদিন বেকার থাকায় পড়ছেন অর্থনৈতিক, সামাজিক ও মানসিক সংকটে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের এই চাপ সবচেয়ে বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০২৪ এর তথ্যানুযায়ী, দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। এই বয়সসীমার মধ্যে স্নাতক ডিগ্রি নিয়ে ২ বছরের বেশি সময় ধরে বেকার থাকেন ১৭ শতাংশের বেশি তরুণ। এই হার অন্য ডিগ্রিধারীর চেয়ে বেশি। উচ্চ মাধ্যমিক পাস করে ২ বছরের বেশি সময় বেকার থাকেন ৮ শতাংশের বেশি শিক্ষার্থী। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন তরুণদের মধ্যে বেকারের হার ১ শতাংশের মতো।
জরিপ বিশ্লেষণ করে দেখা গেছে ৮ বছরের ব্যবধানে বেকরত্বের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। ২০১৭ সালের যেখানে চার লাখের মতো স্নাতক ডিগ্রিধারী বেকার ছিলেন। সেখানে ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ লাখে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করলেও সেই তুলনায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বড় ধরনের বৈষম্য থাকায় অনেক শিক্ষার্থী চাকরিদাতাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন।
শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা মূলত সনদকে প্রাধান্য দেয়, দক্ষতাকে না। যার ফল বেশ অদ্ভুত। নামকরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করা গ্র্যাজুয়েটরা নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক বাছাই পরীক্ষায়ই টিকতে পারছে না। তিনি আরও বলেন, আমরা তরুণদের ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখিয়ে পড়াশোনা করার আশ্বাস দিয়ে থাকি। কিন্তু আমাদের যে সিস্টেম, সেটা এই আশ্বাস বাস্তবায়নের উপযুক্ত না। এজন্য তরুণরা দায়ী না। এই সিস্টেম দশকের পর দশক ধরে গ্র্যাজুয়েট তৈরি করছে কিন্তু সুযোগ তৈরি করছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, বেসরকারি খাতে নতুন বিনিয়োগ ও শিল্পায়নের গতি প্রত্যাশিত না হওয়ায় পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বিশেষ করে প্রযুক্তি, উৎপাদন শিল্প, গবেষণা এবং উদ্ভাবনভিত্তিক খাতে নতুন চাকরি সৃষ্টি সীমিত থাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের জন্য বিকল্প সুযোগও কমে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ইন্টার্নশিপ, গবেষণা, শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা গেলে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়তে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ইউসুফ হায়দার বলেন, বর্তমানে অধিকাংশ চাকরিদাতা শুধু একাডেমিক সনদ নয়, বাস্তব দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ সক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতাকেও গুরুত্ব দিচ্ছেন। কিন্তু অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেও এসব দক্ষতা অর্জনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, বর্তমানে চাকরির বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ডেটা বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা এবং সফট স্কিলের মতো বিষয়ে দক্ষতা অর্জন করলে চাকরির সুযোগ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব দূর করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। এটা অনুধাবন করে সরকার একাডেমিক সিলেবাসকে সময়পোযোগী করার কাজ হাতে নিয়েছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপনের উদ্যোগ হাতে নিচ্ছে। যাতে লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা হাতে কলমে কর্মদক্ষতা অর্জন করতে পারে। ফলে তাকে আর বেকার থাকতে হবে না। পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেটিভ বিজনেজ আইডিয়া বানিজ্যিকীরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং এর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য হলো ক্যাম্পাস থেকেই উদ্যোক্তা তৈরি করা। ফলে তারা নতুন ও সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। এসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারীত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা আয়োজন এবং স্কুলগুলোতেও কারিগরি শিক্ষার পরিকল্পনাসহ নানা উদ্যোগ হাতে নিচ্ছে।
প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেও তাদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি না হওয়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও বড় চ্যালেঞ্জ। ফলে একদিকে যেমন তরুণদের স্বপ্ন ভেঙে যাচ্ছে, অন্যদিকে রাষ্ট্রও দক্ষ মানবসম্পদের পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এই সংকট মোকাবিলায় শুধু সরকারি চাকরির সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়, শিক্ষা ব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন। শিল্পায়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা ও উদ্যোক্তা তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তা না হলে সনদধারী বেকারের সংখ্যা আরও বাড়বে, যা দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।