সঞ্জীব চৌধুরীর জন্মদিনে টিএসসিতে ‘সঞ্জীব উৎসব’
প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৬ তম জন্মদিন আজ। এ দিন উপলক্ষ্যে আজ (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সঞ্জীব উৎসব’।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং আজব কারখানা। উৎসব শুরু হবে বিকেল ৪টায় থেকে চলবে রাত ৯টা পর্যন্ত। অষ্টমবারের মতো আয়োজিত এ উৎসবে গান পরিবেশন করবেন এলিটা, জয় শাহরিয়ার, গান কবি, শহরতলি, অর্জন এবং ইন্দ্রজিত।
২০১১ সাল থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঞ্জীব উৎসব উদ্যাপন পর্ষদ আয়োজন করছে এ উৎসব। সঞ্জীব চৌধুরী ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংবাদিক।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকাল কান্দি গ্রামে জন্ম নেন। নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তার গাওয়া অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। এর মধ্যে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘এক পলকে চলে গেল’, ‘গাড়ি চলে না’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘হাতের ওপর হাতের পরশ’ উল্লেখযোগ্য।
২০০৭ সালের ১৯ নভেম্বর বাই লেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।