ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা বহরপুর জুট মিলে শ্রমিকের কাজ করেন। বুধবার সকাল ৮টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তাঁর ১২ বছর বয়সী মেয়ে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল। সকাল ১১টার দিকে একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা প্রতিবেশী আবু বক্কর (৬০) ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে মেয়ের ও স্থানীয়দের মুখে ঘটনার বিবরণ শোনেন শিশুটির মা।
এরপর আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময়ে শিশুটিকে একা পেয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করতেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির মা লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।