যেভাবে সিদ্ধান্ত গৃহিত হয় মস্তিষ্কের কনফারেন্স রুমে
মানুষ ভাবে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ব্যাপার। হ্যাঁ বা না। যাব বা যাব না। বলব বা চুপ থাকব। কিন্তু যদি একবার নিজের মাথার ভেতরে উঁকি দিতে পারতেন, দেখতেন সেখানে একটা কনফারেন্স চলছে। টেবিল গোল। চায়ের কাপ কয়েকটা খালি। কেউ নোট নিচ্ছে না, কিন্তু সবাই মতামত দিচ্ছে। সভাপতি কেউ নেই, তাই সভা কখনো শেষ হয় না। আর আপনি বাইরে থেকে ভাবছেন — “এত ভাবছি কেন, সিদ্ধান্তটা তো সহজ।”
- আসলে সিদ্ধান্ত সহজ নয়। কখনোই ছিল না। সিদ্ধান্ত মানে শুধু “কী চাই” নয়। সিদ্ধান্ত মানে একসাথে — ভবিষ্যৎ কল্পনা, পুরনো ভয়, বর্তমানের আরাম, সম্ভাব্য আফসোস, অন্যের প্রত্যাশা, নিজের স্বপ্ন। এই সবকিছু একসাথে মাথায় চলতে থাকে।
আপনি ভাবেন আপনি দোটানায় আছেন। আসলে আপনার মাথার ভেতর ভোটাভুটি চলছে। আর সমস্যা হলো এই ভোটে সবার ভোটের ওজন সমান নয়।
.png)
কনফারেন্স রুমের চরিত্রেরা-
এই বৈঠকে কয়েকজন নিয়মিত উপস্থিত থাকে। প্রথমজন ডোপামিন — সে সবসময় উত্তেজিত। বলে “নতুন কিছু করি, ঝুঁকি নাও, লাইফ একটাই!” সে সবসময় আনন্দের পক্ষে ভোট দেয়, এখনই, তাৎক্ষণিক। তার পাশে বসে অ্যামিগডালা — মাথা নেড়ে বলছে “না। আগেও এমন করেছিলে। ফল ভালো হয়নি।” সে সবসময় সতর্কতার পক্ষে, পরিচিতের পক্ষে, নিরাপদের পক্ষে।
এক কোণে চশমা পরে ফাইল উল্টাচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। সে আস্তে বলল “একটু ডেটা দেখি, দীর্ঘমেয়াদি ফলাফল বিশ্লেষণ করি।” কেউ শোনে না। বেসাল গ্যাংলিয়া হাই তুলে বলল “আমরা তো সাধারণত এটাই করি।
- রুটিন বদলাব কেন?” সেরোটোনিন শান্তভাবে বলছে “এখন যা আছে তাই নিয়ে থাকো।” আর একটা চরিত্র আছে যে সবার কথার মাঝখানে বলে “পাঁচ মিনিট পরে ভাবব” — এই “পাঁচ মিনিট পরে” মন্ত্রী আসলে সবচেয়ে বিপজ্জনক। সে কোনো সিদ্ধান্তই নিতে দেয় না।
সিদ্ধান্ত নেওয়া এত ক্লান্তিকর কেন?
Decision Fatigue বলে একটা ধারণা আছে। গবেষণায় দেখা গেছে মানুষ দিনে যত বেশি সিদ্ধান্ত নেয়, পরের সিদ্ধান্তগুলো তত খারাপ হয়। বিচারকরা দিনের শুরুতে বেশি ন্যায্য রায় দেন, দিনের শেষে ক্লান্ত মস্তিষ্ক সহজ পথ নেয়। বিখ্যাত মানুষেরা প্রতিদিন একই রকম পোশাক পরেন — কারণ সকালের একটা ছোট সিদ্ধান্তও মস্তিষ্কের শক্তি নষ্ট করে।
কারণটা সহজ। প্রতিটা সিদ্ধান্তের সময় মস্তিষ্কের কনফারেন্স রুমে বৈঠক বসে। বৈঠকে শক্তি লাগে। যত বেশি বৈঠক, তত বেশি শক্তি খরচ।
একদিনে যদি কী খাবেন, কী পরবেন, কোন রাস্তায় যাবেন, কাকে উত্তর দেবেন, কীভাবে দেবেন — এই ছোট ছোট সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তাহলে বড় সিদ্ধান্তের সময় মস্তিষ্কের ট্যাংক অনেকটাই খালি।
এ কারণেই সন্ধ্যায় মানুষ বেশি প্রলোভনে পড়ে, রাতে বেশি আবেগী সিদ্ধান্ত নেয়।
দোটানা কোথা থেকে আসে?
- দোটানার আসল কারণ হলো মস্তিষ্কের দুটো আলাদা সিস্টেম একসাথে কাজ করছে। একটা সিস্টেম দ্রুত, স্বয়ংক্রিয়, আবেগচালিত। আরেকটা ধীর, সচেতন, যুক্তিচালিত।
নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেম্যান এই দুটোকে বলেছেন System 1 আর System 2। System 1 হলো অ্যামিগডালা, ডোপামিন, বেসাল গ্যাংলিয়ার দল — দ্রুত, অনুভূতিনির্ভর। System 2 হলো প্রিফ্রন্টাল কর্টেক্স — ধীর, বিশ্লেষণাত্মক।
বেশিরভাগ সময় System 1 জেতে। কারণ সে দ্রুত। প্রিফ্রন্টাল কর্টেক্স যখন বিশ্লেষণ শুরু করে, তখন ডোপামিন আর অ্যামিগডালা অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর মানুষ পরে সেই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তৈরি করে — মনে করে সে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসলে সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল, যুক্তি পরে সাজানো হয়েছে।
ছোট সিদ্ধান্ত আগেই ঠিক করলে বড় সিদ্ধান্ত সহজ হয়
তাহলে সমাধান কী? ইচ্ছাশক্তি? না। ইচ্ছাশক্তি একটা সীমিত সম্পদ — যত বেশি ব্যবহার করবেন, তত কমবে। সমাধান হলো কনফারেন্স রুমের বৈঠক কমানো। মানে যতটা সম্ভব ছোট সিদ্ধান্তগুলো আগেই ঠিক করে রাখা। রুটিন তৈরি করা। নিয়ম বানানো।
- নিয়ম থাকলে বৈঠক বসে না। “রাতে ফোন বিছানায় নেব না” — এটা নিয়ম হলে প্রতি রাতে কনফারেন্স রুমে বৈঠক বসতে হয় না। “সকালে উঠে আগে পানি খাব” — নিয়ম হলে ডোপামিন আর প্রিফ্রন্টাল কর্টেক্সের বিতর্ক হয় না।
মস্তিষ্ক বলে “আচ্ছা, নিয়ম আছে। তর্কের দরকার নেই।” সভা দ্রুত শেষ হয়। শক্তি বাঁচে। বড় সিদ্ধান্তের জন্য কনফারেন্স রুম প্রস্তুত থাকে।
মস্তিষ্কের রাজনীতি-
মজার ব্যাপার হলো কনফারেন্স রুমে কেউ পুরো সত্য জানে না। ডোপামিন ভবিষ্যতের আনন্দের কথা বলে কিন্তু ভবিষ্যতের কষ্টের কথা বলে না। অ্যামিগডালা বিপদের কথা বলে কিন্তু সুযোগের কথা বলে না। বেসাল গ্যাংলিয়া পুরনো অভ্যাসের কথা বলে কিন্তু নতুন সম্ভাবনার কথা বলে না।
- শুধু প্রিফ্রন্টাল কর্টেক্স সব দিক দেখার চেষ্টা করে — কিন্তু সে ক্লান্ত থাকলে, ঘুম না হলে, স্ট্রেসে থাকলে তার কণ্ঠ দুর্বল হয়ে যায়।
- এ কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্লান্ত অবস্থায়, রাতে, রেগে থাকা অবস্থায় না নেওয়াই ভালো।
সেই মুহূর্তে কনফারেন্স রুমে প্রিফ্রন্টাল কর্টেক্স অনুপস্থিত, বাকিরা সিদ্ধান্ত নিচ্ছে। আর তাদের সিদ্ধান্ত প্রায়ই পরদিন সকালে ভুল মনে হয়।
আপনি সিদ্ধান্তে দুর্বল নন-
এই পুরো অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখানে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন না বলে দুর্বল নন। আপনার মাথার ভেতর শুধু গণতন্ত্র একটু বেশি।
কেউ আনন্দ চায়, কেউ নিরাপত্তা চায়, কেউ ভবিষ্যৎ বাঁচাতে চায়, কেউ পুরনো পথে থাকতে চায়। আর আপনি মাঝখানে দাঁড়িয়ে ভাবেন “এত চিন্তা হচ্ছে কেন?” এখন আপনি জানেন কেন। আপনার মস্তিষ্ক দায়িত্ব নিয়ে কাজ করছে, সব দিক দেখার চেষ্টা করছে। শুধু মাঝে মাঝে তাকে বলতে হয় — “আজকে আলোচনার দরকার নেই। এজেন্ডা আগেই ঠিক করা।” তখন কনফারেন্স রুম চুপ হয়ে যায়, আর আপনি এগিয়ে যেতে পারেন।
সূত্র : Soul Wellness, "মাথার ভেতর মেলা" বই থেকে। https://www.facebook.com/share/p/19kavDyHff/?mibextid=wwXIfr