৭৫ মিনিটে ৩ ভূমিকম্প, কাঁপল দেশ
মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দিবাগত রাতে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। কম্পন অনুভূত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ঢাকা ও দেশের আরও কয়েকটি এলাকায়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এর কম্পন কক্সবাজার-টেকনাফ সীমান্তবর্তী এলাকা ও চট্টগ্রামে অনুভূত হয়।
.png)
এর মাত্র এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এটির প্রভাব চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার ধলাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর কম্পন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ধলাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের তথ্য রয়েছে।
এদিকে রোববার ভোরে বাংলাদেশেও আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ঢাকার প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন হয়। এটির বিস্তারিত তথ্য ও কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরপর এসব ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।