মদিনায় হুথি হামলার নিন্দা বাংলাদেশের
পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
.png)

বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহ করা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুথিদের একটি ড্রোন হামলা চালানো হয়। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে জোট।
তবে হুথি কর্তৃপক্ষ এ হামলার দায় অস্বীকার করেছে। তাদের দাবি, মদিনার পবিত্র স্থাপনায় হামলার অভিযোগটি ভিত্তিহীন।