স্টারলাইনার নিয়ে নাসার গুরুত্বপূর্ণ ঘোষণা সোমবার
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নভোচারী পরিবহনে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনা ও এর উন্নয়ন অগ্রগতি নিয়ে যৌথ ব্রিফিং করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও বোয়িং।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্টারলাইনারের উন্নয়ন এবং আইএসএসে নিয়মিত ক্রু ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন নাসা ও বোয়িংয়ের কর্মকর্তারা।
.png)
ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান, লো আর্থ অরবিট প্রোগ্রামের ব্যবস্থাপক ডানা উইগেল, নাসার নভোচারী উডি হোবার্গ এবং বোয়িং কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ম্যানেজার জন মলহল্যান্ড।
ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে অনুমোদিত সংবাদকর্মীরা সরাসরি অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইনেও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের যুক্ত হওয়ার সুযোগ থাকবে। সাধারণ দর্শকদের জন্য অনুষ্ঠানটি নাসার অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
নাসার তথ্য অনুযায়ী, স্টারলাইনার হলো বোয়িংয়ের তৈরি বাণিজ্যিক ক্রু পরিবহন মহাকাশযান, যা নভোচারী ও প্রয়োজনীয় গবেষণা সামগ্রী নিম্ন-পৃথিবী কক্ষপথে, বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, নেওয়া-আনার জন্য তৈরি করা হয়েছে। তবে নিয়মিত নভোচারী পরিবহনের আগে মহাকাশযানটির প্রয়োজনীয় পরীক্ষা ও নাসার প্রত্যয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২০২৪ সালের ক্রুড ফ্লাইট টেস্টের পর স্টারলাইনারের বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা নিয়ে নাসা তদন্ত করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তদন্ত-সংক্রান্ত প্রতিবেদনে নাসা জানায়, ভবিষ্যৎ ফ্লাইটের আগে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হবে এবং প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই স্টারলাইনারকে আবার উড্ডয়ন করা হবে।