রাজধানীতে দরজা ভেঙে উপ-সচিবের মরদেহ উদ্ধার
রাজধানীর রমনায় দরজা ভেঙে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টা ৩৬ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে রমনা থানার এসআই ইউনুস মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যায় রমনা বেইলি রোডে অবস্থিত বেলি স্কয়ার এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মৃত আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন।
অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আটদিন ধরে তিনি অফিসে যাননি। অফিসের লোকজন যোগাযোগ করলে তাকে না পেয়ে পুলিশকে অবহিত করে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার মরদেহ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।