ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় রংপুর মেডিকেলে

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ৫ অক্টোবর ২০২৬
সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় রংপুর মেডিকেলে
উলিপুর সীমান্তে আহত দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেল ও শটগানের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তারা বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) এবং একই এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে খাজা আব্দুল আলীম (৩৯)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আহত দুই ব্যক্তি জানিয়েছেন, রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভারতের আসাম রাজ্যের নারায়ণপুর স্থলবন্দর দিয়ে তারা গরু পারাপার করছিলেন। এ সময় তাদের বাংলাদেশি নাগরিক মনে করে বিএসএফ সদস্যরা ককটেল ও শটগানের গুলি ছোড়েন। এতে দুজন গুরুতর আহত হন।

আহতদের দাবি, পরে বিএসএফ সদস্যরা তাদের একটি অজ্ঞাত চর এলাকায় ফেলে রেখে যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার যাত্রাপুর-আইলমারী সীমান্ত এলাকার বাসিন্দারা আহত ইসমাইল হোসেন ও খাজা আব্দুল আলীমকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার পাশাপাশি নিরাপত্তার জন্য তাদের পুলিশ পাহারায় রাখা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, দুই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!